বিপত্নীক ব্যক্তির জন্য ‘জিকগিদি’ বা ‘দ্বিতীয় স্ত্রী’ প্রদানের গারো রীতি | কার্তিক ঘাগ্রা | খু•রাং



গারো পারিবারিক ও সামাজিক প্রথানুযায়ী প্রথম স্ত্রী মারা গেলে বিপত্নীক স্বামীর জন্য মৃত স্ত্রীর রক্ত সম্পর্কের বোন বা বোন সম্পর্কের নিকটাত্মীয়া একজনকে নতুন স্ত্রী হিসেবে দেওয়ার রীতি গারো সমাজে বিদ্যমান। গারোরা এ রীতিকে ‘অনচাপা’ বা ‘অনসংআ’ বলে। আর অনচাপা অনসংআ স্ত্রীকে বলে ‘জিকগিদি’।

গারো সমাজে কেউ কারো ‘জিকগিদি‘ বা ‘দ্বিতীয় স্ত্রী’ হয়ে এমনি এমনি আসে না, বা, স্থলাভিষিক্ত হয় না। কেউ যখন জিকগিদি বা দ্বিতীয় স্ত্রী হয়ে আসতে চান, বা, মাহারিরা যখন কাউকে ‘জিকগিদি’ হিসেবে মনোনীত করেন তিনি তার চ্রাদের সিদ্ধান্ত অনুযায়ী সম্পত্তি দাবী করেন এবং এ সম্পত্তি জিকগিদি ও বিপত্মীক ব্যক্তিকে দেওয়া হয়। জিকগিদির এ সম্পত্তি দাবী পূরণ ব্যতিরেকে চ্রা-চাৎচিরা বা আত্মীয়-স্বজনেরা কোন মেয়েকে জিকগিদি হিসেবে কারো কাছে তুলে দেয় না। কারণ এটিই গারো প্রথানুযায়ী জিকগিদি বা দ্বিতীয় স্ত্রী হয়ে আসার অবিচ্ছেদ্য অংশ বা এটিই গারো প্রথানুযায়ী জিকগিদির স্মারক ও ভবিষ্যত রক্ষাকবচ।

আর যদি রক্ত সম্পর্কের বোন বা বোন সম্পর্কের নিকটাত্মীয়া কোন মেয়েকে জিকগিদি হিসেবে পাওয়া না যায় তাহলেপ্রথমে দূর সম্পর্কের নিজ মাহারির মধ্যে, না পেলে অন্য মাহারি থেকেসচরাচর এ বিকল্প বা অন্য মাহারি থেকে ‘জিকগিদি সৎদে রাবা’র দিকে গারোরা এগোয় না; তখন মাহারি ‘আখিম’ প্রথানুযায়ী খিমসতা ডাই প্রদান করে বিপত্মীক ব্যক্তিকে নিজের পছন্দানুযায়ী যে কাউকে বিয়ে করার অনুমতি দিয়ে ‘আখিম’ মুক্ত করে দেবে। ওই মূহুর্ত থেকে মৃতা স্ত্রীর মাহারির সাথে বিপত্মীক ব্যক্তির বৈবাহিক সম্পর্কের বন্ধনও ছিন্ন হয়ে যাবে।

জিকগিদির সম্পত্তি দাবীর আরেকটা অন্য কারণ হলো গারো প্রথানুযায়ী প্রথম স্ত্রী যে সম্পত্তি রেখে মারা যান দ্বিতীয় স্ত্রী সে-সব সম্পত্তির স্বত্ব দাবী করতে পারে না। ওই পরিবারের সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের কোন অধিকার নাই।

কিন্তু লক্ষ্যণীয় বিষয় হলো বিপত্মীক ব্যক্তির জন্য জিকগিদি আনার যে গারো রীতি সমাজে প্রচলিত গারোরা এখন এ রীতি তেমন অনুসরণ করে না, করতে চান না বা মানতে চান না। চ্রা চাৎচি ও মাহারির সাথে কোনরকম যুক্তি পরামর্শ বা আচার-অনুষ্ঠান ব্যতিরেকে নিজ ইচ্ছা ও পছন্দানুযায়ী জিকগিদি গ্রহণ করে। আর চাই আর না-চাই এ নিয়েই পরবর্তীতে ঘটে বিপত্তি।

Post a Comment

0 Comments