খু•রাং দ•আমেক:
ভারতের মেঘালয়ে ৪৩তম '১০০ দামা ওয়ানগালা' উৎসব উদযাপিত হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার ওয়েস্ট গারো হিলস জেলার চিব্রাগ্রে গ্রামে ওয়ানগালার জন্য নির্ধারিত স্থায়ী স্থান 'ওয়ানগালা আ•দাম' এ রুগালার মাধ্যমে শুরু হয় এ উৎসব। ১৪ নভেম্বর শনিবার ছিল উৎসবের দ্বিতীয় তথা শেষ দিন। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয় বিধানসভার স্পিকার মেতবাহ লিংদোহ।

প্রধান অতিথি মেতবাহ লিংদোহ ওয়ানগালা কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওয়ানগালায় এটা তার দ্বিতীয়বার আসা এবং তিনি প্রথমবার এসেছিলেন ২০১৮ সালে। গারো হিলসবাসী এবং এর সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে ওয়ানগালা উদযাপনের জন্য স্থায়ীভাবে এরকম একটি জায়গা নির্বাচন করায় ওয়ানগালা কমিটিকে তিনি ভূয়সী প্রশংসা করেন। ওয়ানগালা উদযাপনের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘আজকে সে-ই সকল দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃবৃন্দকে স্মরণ করি যারা ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সংস্কৃতিকে সংরক্ষণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।’ তিনি আরো বলেন, ‘ওয়ানগালার উদ্দীপনা শান্তি বৃদ্ধি, বন্ধুত্বের নবায়ন এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আমি আশা করি।’ প্রত্যেককে সংস্কৃতি রক্ষার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ওয়ানগালা পূর্বে অন্যেরা উদযাপন করত শুধু এ কারণে আমরা ওয়ানগালা উদযাপন করব না। আমরা ওয়ানগালা উদযাপন করব, কারণ এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, এটি আমাদের আত্ম-পরিচিতি। এটি আমাদের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে। এটিকে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে হস্তান্তর করে যেতে হবে।’

সম্মানিত অতিথির বক্তব্যে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সম্পর্কিত মেঘালয় রাজ্য পরিষদের চেয়ারম্যান ফার্লিন সি এ সাংমা তার বক্তব্যে ওয়ানগালা উদযাপন কমিটির অগ্রগামী নেতৃবৃন্দের অবদানের কথা স্মরণ করে বলেন, প্রয়াত এইচ এন সাংমা, প্রয়াত হিউবার্ট সাংমা, প্রয়াত গার্নেট সাংমা এবং প্রবীর মারাক আসানাং মাঠকে ওয়ানগালা আয়োজনের জন্য নির্বাচন করেছিলেন। তাঁদের সেই অবদানের জন্য তিনি তাঁদেরকে সম্মান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ানগালা কমিটির চেয়ারম্যান রিকমান রোনাল্ড সাংমা, ওয়ানগালা কমিটির উপদেষ্টা ও নকমা কাউন্সিলের সভাপতি স্কাইলেন্স জি মোমিন প্রমুখ।
উল্লেখ্য, ওয়ানগালা গারোদের প্রধান উৎসব যা ফসল কেটে ঘরে তোলার পর শস্যদেবতাকে কৃতজ্ঞতা জানাতে পালিত হয়। মেঘালয়ে ১০০ দামা নিয়ে বৃহৎ আকারে এটি উদযাপিত হয়। এ বছর করোনা মহামারীর কারণে ৩০টি দামা কমিয়ে দেওয়া হয়। প্রতিবছর এটি আসানাং মাঠে উদযাপিত হয়ে আসলেও এ বছর ওয়ানগালার জন্য স্থায়ীভাবে নির্ধারিত স্থান চিব্রাগ্রে গ্রামে উদযাপিত হয়। ওয়ানগালা আয়োজনের জন্য ৭২ বিঘা জমি উদারভাবে দান করায় চিব্রাগ্রে গ্রামের আ•কিং নকমা ক্রেডিস সাংমাকে ধন্যবাদ জানান ওয়ানগালা কমিটি।
0 Comments