ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) –এর কেন্দ্রীয় পরিষদ সহ সকল থানা শাখা মেয়াদোত্তীর্ণ, অসাংবিধানিক ও অবৈধ কমিটি দিয়ে চলছে বলে খুরাং-এর বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। সংবিধান অনুযায়ী সকল কার্যকরী কমিটির কার্যকাল তিন বছর স্থায়ী হওয়ার কথা। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও টিডব্লিউএ-এর কোন শাখায় নির্বাচন অনুষ্ঠিত হয় নি। নির্বাচনের কোন পরিবেশ তৈরি করা হয় নি। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেই ক্ষমতাকাঠামোকে একমুখী করে রেখেছে বলে অনেকের অভিমত এবং এ উদ্দেশ্যেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে অনেকেরই দৃঢ় বিশ্বাস।
ক্ষমতাকাঠামো পরিবর্তন প্রক্রিয়া যে নির্বাচন ওই নির্বাচনকেই সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাসন দিয়ে রেখেছে বলে অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগ কেন্দ্রীয় চেয়ারম্যান ভদ্র ম্রং-কে নিয়ে। তিনি একাধারে কেন্দ্রীয় পরিষদ ও হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান। যা কিনা সংবিধান পরিপন্থী ও সম্পূর্ণ অবৈধ।
তৎকালীন কেন্দ্রীয় চেয়ারম্যান প্রমোদ মানকিন ২০১৬ এর ১১ মে মারা গেলে কেন্দ্রীয় কমিটির সভায় ভদ্র ম্রং-কে কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। ভদ্র ম্রং তখন হালুয়াঘাট উপজেলা শাখার ২০১৫ খ্রিস্টাব্দের নির্বাচনের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সংবিধান অনুযায়ী তিনি কেন্দ্রীয় পরিষদ ও হালুয়াঘাট উপজেলা শাখার দায়িত্ব পালন করতে পারেন না। সংবিধানের ৪ নং ধারার ৬ নং অনুচ্ছেদ অনুযায়ী “যদি কোন শাখা কমিটির চেয়ারম্যান অথবা সেক্রেটারী নির্বাচনে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কিংবা সেক্রেটারী জেনারেল পদে নির্বাচিত হন তবে সংশ্লিষ্ট শাখা কমিটির চেয়ারম্যান বা সেক্রেটারী পদ হইতে তাহাকে ইস্তফা দিতে হইবে।” কিন্তু তিনি হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন নি। কেন্দ্রীয় ও শাখা দু’জায়গাতেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় পরিষদ নির্বাচনের আগে সকল উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন করা অত্যাবশ্যক। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও কোন শাখাতেই নির্বাচনে পরিবেশ তৈরি করা হয় নি, নির্বাচন দেওয়া হয় নি। নির্বাচন প্রক্রিয়াকেই সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছে।
সংবাদটি শেয়ার করুন...


0 Comments