গসেরং ‖ লেবিসন স্কু ‖ খু•রাং



সনির্বন্ধ বিজ্ঞপ্তি

সাবধান! শ্রেষ্ঠ প্রাণীদের আপাত
বিশ্বাস না করাই শ্রেয়
তাদের বাম হাতের কাজে
ডান হাত সম্প্রতি
খুবই বিব্রত।
লৌকিক জোড়া চোখ বর্তমানে
হিংসার সমবায়
আর
ফুসফুস খুবই ধান্দাবাজ
বায়ুর গেলান ভর্তি বৃষ্টিফুলে
ভিজিয়ে দিতে পারে
তোমার কাঁচা শরীর।
এ সময় তার বিরোধী হওয়াই
জ্ঞানমনস্ক প্রাণীর
একমাত্র কাজ;
অবিশ্বাসী অথবা দূরে থাকাই
তোমার বংশের উদ্ধার!



কৌশল

আজকে যার আঙুলে
তসবির দানা
সর্বদায় ভালোবাসেন
সবুজ নিরামিষ কিন্তু
দ্রষ্টব্য প্রয়োজনে
তিনিই হয়ে উঠেন
আমিষ প্রিয়!
জানেন দৃশ্যের ভেতর
কিভাবে কুড়ানো যায়
হাওয়ার মিঠাই..
টাটকা রঙিন চিবুতে
যে অমৃত আরাম
জাবরকাটা গোলাপিই
একমাত্র জানে !



মৃত্যু  আনন্দ

যা কিছু বলি না কেন
সময়ের ব্যবধানে স্পষ্ট
শ্যামা দিদিরাই
হ্যামিলনের বাঁশিওয়ালা।

সন্ধ্যের অন্ধকারে পড়ুয়া
যদি আলোঝরা মুগ্ধতায়
দেখে যাদুর পাঁজর অথবা
সুন্দরের ঢেউগুলি
তখন আমরা বলতে পারি
ও বাঁশি নেমে যাচ্ছে
ভোঁ দৌড়ে
নিচে সমুদ্রবুকে...
অবিশ্বাস  মৃত্যু হলেও
এ সময়
রহস্যের কারিশমায়
বেদনাদায়ক মূহুর্তও
খুবই আনন্দের...











 

Post a Comment

0 Comments