বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ঠেকাতে গারো গ্রামগুলোতেও উদ্যোগ নিয়েছে বিভিন্ন গ্রামের যুব সংগঠনগুলো। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে, প্রতিটি বাড়িতে, জীবানুনাশক ছিটানো সহ নানা কার্যক্রম শুরু করেছে। কোন কোন গ্রামের যুবক-যুবতীরা গ্রামে ঢোকার প্রবেশ মুখে, প্রধান সড়কগুলোতে, চেকপোস্ট বসিয়ে বহিরাগত লোকদের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করছে।
১০ এপ্রিল শুক্রবার বেদুরিয়া, কাঁকড়াগুনি, বন্দরিয়া, সাধুপাড়া, জয়নাগাছা, এ গ্রামগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বেদুরিয়া জাসেঙা যুব সংগঠনের সভাপতি পিংকু মৃ জানান, ‘করোনা ভাইরাস ঠেকাতে আমরা সংগঠনের উদ্যোগে গ্রামে বহিরাগতদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে স্যানিটাইজার স্প্রে করছি।’ কতদনি ধরে এ র্কাযক্রম চলবে জানতে চাইলে তিনি জানান, যতদিন প্রয়োজন হবে ততদিনই এ কর্মসূচি চলবে।’ এ কাজে সাহায্যের জন্য ১১ নং শোলাকুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার বিকশন নকরেকের কাছে আবেদন করেছেন। তাদের আবেদনে তিনি সাড়া দিয়েছেন বলেও তিনি জানান।
অন্যদিকে কাঁকড়াগুনি গ্রামের সেংবিয়া যুব সংঘের ক্রীড়া সম্পাদক মর্নিং সিমসাং-এর সাথে কথা বলে জানা গেছে, তারা গ্রামে ঢোকার ছোট রাস্তাগুলো বেড়া দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন, আর বড় রাস্তায় চেকপোস্ট বসিয়ে স্যানিটাইজার ছিটাচ্ছেন।
এ ছাড়া অন্যান্য গারো গ্রামগুলোতেও একই কার্যক্রম চলছে বলেও খবর পাওয়া গেছে।



0 Comments